শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পরবর্তী জেমস বন্ড(Jemes Bond) কে হতে চলেছেন? তালিকায় অনেক নামই উঠে এসেছে।এই তালিকায় এগিয়ে রয়েছেন ক্যালাম টার্নার (Callum Turner)। পাশাপাশি ‘স্লো হর্সেস’ খ্যাত জ্যাক লোডেন (Jack Lowden) এবং ‘চ্যালেঞ্জার্স’ তারকা জশ ও’কনর (Josh O'Connor)-ও জোরালো দাবিদার। এছাড়াও রবার্ট প্যাটিনসন (Robert Pattinson) এবং নিকোলাস হল্ট (Nicholas Hoult) ইতিমধ্যেই এই চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছেন বলে খবর।বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মনে এখন একটাই বড় প্রশ্ন— ড্যানিয়েল ক্রেগের পর রুপোলি পর্দায় পরবর্তী ‘জেমস বন্ড’ বা ০ ০ ৭ (007) কে হবেন? হলিউডের অন্দরে রবার্ট প্যাটিনসন থেকে শুরু করে একাধিক তারকার নাম নিয়ে জোর চর্চা চললেও, এবার নেটদুনিয়ায় উঠে এল এক চমকপ্রদ নাম— বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন! নিখুঁত স্যুট, সুদর্শন চেহারা আর চুলের একটি ভাঁজও নষ্ট না করে গোটা ভিলেন বাহিনীকে একা হাতে কুপোকাত করার অসামান্য দক্ষতা— জেমস বন্ড হওয়ার সমস্ত রসদই যেন মজুত রয়েছে হৃতিকের মধ্যে। সম্প্রতি মার্কিন মুলুকে ঘটা একটি বিশেষ মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে এই নতুন জল্পনা।
মার্কিন মুলুকে ঠিক কী ঘটেছে? সরকারিভাবে জেমস বন্ডের কাস্টিং প্রক্রিয়ায় হৃতিকের নাম যুক্ত না থাকলেও, অনুরাগীরা কিন্তু তাঁকে এই আইকনিক চরিত্রে কল্পনা করার জোরালো কারণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ল্যাকমা আর্ট + ফিল্ম গালা’ (LACMA Art + Film Gala)-য় উপস্থিত ছিলেন হৃতিক রোশন। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডেনি ভিলনুভ (Denis Villeneuve)-এর সঙ্গে দেখা হয় তাঁর। অনুষ্ঠানে হৃতিক ও ভিলনুভের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কারণ, ‘ডুন’ (Dune) খ্যাত এই পরিচালকই পরবর্তী জেমস বন্ড ছবিটি পরিচালনা করতে চলেছেন! ব্যস, এই ছবি দেখেই ইন্টারনেটে অনুরাগীরা হৃতিককে পরবর্তী বন্ড হিসেবে দেখার দাবি তুলেছেন। যদিও তাঁদের মধ্যে বন্ড ছবি নিয়ে কোনও কথা হয়েছে কি না, তার কোনও প্রমাণ নেই, তবুও এই সম্ভাবনা নিয়ে সরগরম বিনোদন দুনিয়া।
