শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই শহরের আবহাওয়া খারাপ। টানা বৃষ্টিতে অনেকটাই বেড়েছে জলস্তর, কার্যত ফুঁসছে গঙ্গা নদী। সেই অবস্থায় গঙ্গায় রিলস বানাতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে নিখোঁজ হলেন এক যুবক। বুধবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের ঘটনা। নিখোঁজ যুবকের নাম শেখ মহম্মদ তৌহিদ আক্রম (৩০) ওরফে কৈফি। বাড়ি হাওড়ার শিবপুরে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। নিখোঁজ যুবকের খোঁজে গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। চলছে তল্লাশি।
সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে চা খেতে বেরিয়েছিলেন কৈয়ফি। ঘাটে পৌঁছে গঙ্গায় নামার ইচ্ছা প্রকাশ করলে বন্ধুরা তাঁকে একাধিকবার বারণ করেন। পরে আচমকাই জলে ঝাঁপ দেন তিনি। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর ঘাটের চেন ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপরই তাঁকে জলে তলিয়ে যেতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গঙ্গায় তল্লাশি শুরু করে। খবর প্রকাশিত হওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। যুবকের খোঁজ এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
