শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অভিষেকের বিরুদ্ধে আবার নতুন অভিযোগ আনলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এবার সেবাশ্রয় নিয়ে। খবরে প্রকাশ ববি থানায় অভিযোগ জানান। সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বিষ্ণুপুর থানার দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসককে দিয়ে মর্ডান চিকিৎসা, আইন অমান্য করে ক্যাম্পে মেডিকেল সরঞ্জামের ব্যবহার, জোর করে লোক নিয়ে গিয়ে ভিড় বাড়ানো, চিকিৎসায় গাফিলতি-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। জানা যাচ্ছে, অভিযোগ পত্রে অভিষেক ছাড়াও নাম রয়েছে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এলাকার বিধায়ক, পঞ্চায়েত সদস্য ও সেবাশ্রয়ে থাকা চিকিৎসকদের।
অভিযোগ পত্রে ঠিক কী কী জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস? তাঁর দাবি, সেবাশ্রয়ের নামে ডায়মন্ড হারবারবাসীকে ‘টুপি’ পরিয়েছেন অভিষেক। অভিযোগ, সেবাশ্রয়ে আনা হত হাতুড়ে ও হোমিওপ্যাথি চিকিৎসকদের। তাঁদের কারও রেজিস্ট্রশন নেই। তাঁরাই নাকি মর্ডান চিকিৎসা করতেন! একটি প্রেসক্রিপশন দেখিয়েছেন অভিজিৎ। সেখানে রোগীর নাম-বয়স লেখা রয়েছে, তবে নেই রোগের বিবরণ। শুধু লেখা, ‘রেফার্ড টু হসপিটাল।’ সেই প্রেশক্রিপশনে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরও লেখা নেই। তিনি আরও দাবি করেছেন, ইউএসজির মেশিন ব্যবহারের জন্য আইন অনুযায়ী যে অনুমতির দরকার, তাও নাকি নেননি অভিষেক। এখানেই শেষ নয়, জোর করে এলাকার বাসিন্দাদের সেবাশ্রয়ে নিয়ে যাওয়া হত বলে দাবি। কারণ, ভিড় না বাড়লে সেবাশ্রয় যে সফল তা প্রমাণ করা যাবে না। এছাড়া ওষুধের মান, মেয়াদ নিয়েও অভিযোগ পত্রে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।
