শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, এবার দুর্গাপুজোতে কার্নিভাল হবে না। তাঁর পরিবর্তে মহালয়ার দিন ইডেনে হচ্ছে মেগা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহালয়ায় ইডেনে হবে সেই মেগা শো। সময় আর বেশি নেই, তাই ইতিমধ্যেই সব পরিকল্পনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে এই অনুষ্ঠান নিয়ে বৈঠকে বসেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে, পুলিশ কমিশনার অজয় নন্দা, পর্যটন দফতর, তথ্য সংস্কৃতি দফতরসহ অন্যান্য দফতরের আধিকারিকরা। মহালয়ায় অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকরাও ছিলেন সেই বৈঠকে।
বৈঠকে দেখানো হয়েছে ১০ অক্টোবর, মহালয়ার অনুষ্ঠানের প্রেজেন্টেশন বা উপস্থাপনা কেমন হবে। সূত্রের খবর, ইডেন থেকেই ভার্চুয়ালি কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা ২০ পর্যন্ত ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইডেনে পৌঁছনোর আসার আগে রেড রোডে রোড শো করবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। রোড শো করে ইডেনে পৌঁছনোর পর উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে তাঁদের।বিকেল ৫টা থেকে ইডেনে শুরু হবে অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ৬ হাজার শিল্পী। থাকবেন শান্তনু মৈত্র, শান, লগ্নজিতা (সম্ভবত), অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী আর বাংলা ব্যান্ড ‘দোহার’। ৩ হাজার ঢাকি পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে।ইডেনের হোম ড্রেসিংরুমে থাকবেন প্রধানমন্ত্রী। অ্যাওয়ে ড্রেসিংরুমে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মাঠে প্রবেশ করবেন তাঁরা। গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী। ইডেন থেকে ভার্চুয়ালি কলকাতার নামজাদা পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেই তালিকায় থাকছে শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, ত্রিধারা সম্মিলনী।
