শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নির্বাচন নিয়ে দেশজুড়ে চলতে থাকা বিতর্কের মধ্যেই এবার রাজ্যে বকেয়া পুরভোটগুলির প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, পুজোর ছুটির পরেই বকেয়া পুরভোটগুলির আয়োজন করতে চাইছে সংস্থাটি। এবিষয়ক প্রস্তুতি ও পর্যালোচনার উদ্দেশ্যে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৈঠক।
সূত্রের খবর, কমিশনের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আগামী নভেম্বর মাসে কলকাতা সহ সাতটি পুরসভায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে। আগামী মাসের ২৭ বা ২৮ তারিখে এবিষয়ক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সেই অনুসারে, ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ২ ডিসেম্বর ভোটগণনা হতে পারে। কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনে বাড়তি নজর থাকতে চলেছে রাজনৈতিক মহলের। একইসঙ্গে বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং ও কার্শিয়াং -এ পুরসভা ভোট হবে। এই সাতটি পুরসভায় ভোট ৬৩০১ টি বুথে ভোটগ্রহণ হবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে।
নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করতে এই জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন রাজ্যের নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৈঠকের মূল ৮ টি বিষয়ে আলোচনার কথা জানানো হয়েছে।
এই ৮ টি বিষয়ের মধ্যে রয়েছে ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণ। যা কলকাতা ও হাওড়ার জন্য ৭ অক্টোবর এবং অন্যান্য পুরসভার জন্য ৬ অক্টোবর ‘ফর্ম বি চূড়ান্ত প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে। এই ফর্মটি সংরক্ষিত আসনের তালিকা প্রকাশের ফর্ম। দ্বিতীয় ও তৃতীয় বিষয়টিতে রয়েছে সম্ভাব্য প্রথম পর্যায় ও ইভিএম এবং ভোটকর্মী বণ্টন। ভোটের তারিখ পরে জানানো হবে। তবে, ফর্ম বি প্রকাশের পরবর্তী সাত সপ্তাহের মধ্যেই হবে ভোটপর্ব। ১ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা পরিমার্জিত ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই রাজ্যের আরও ১২২ টি পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। আটকে থাকা বাকি পুরসভা এবং মেয়াদ শেষ হতে চলা পুরসভাগুলি মিলিয়ে আগামী নয় মাসের মধ্যে রাজ্যের মোট ১২৭ টি পুরসভার ভোট সঠিক সময়ে সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে।
.jpeg)
