তথাগত ঘোষ, হাওড়া: মিটতে চলেছে হাওড়া শহরের খারাপ রাস্তার সমস্যা। রাস্তা মেরামতির জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বর্ষাকাল শেষ হলেই শুরু হবে রাস্তা মেরামতির কাজ। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শহরের শতাধিক রাস্তার সংস্কারের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। পুজোর আগেই নতুন রূপ পেতে পারে হাওড়া শহরের অধিকাংশ খানা খন্দে ভরা রাস্তা। সমস্যা মুক্ত হতে চলেছেন শহরের পথচলতি মানুষজন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পুরভোট না হওয়ার কারণে বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত হাওড়াবাসীর দৈনন্দিন জীবন। যে সমস্ত সমস্যা বড়সড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেগুলির মধ্যে অন্যতম খারাপ রাস্তা। বৃষ্টিপাতের কারণে হাওড়া শহরের একাধিক রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। এর মধ্যে বেশ কিছু রাস্তা কার্যত পথচলতি মানুষের জন্য মারণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ খারাপ রাস্তায় গর্ত হওয়া অংশ ভরাট করেও সমাধান মিলছে না বলে জানিয়েছে পুরসভা। জোরে বৃষ্টি হলেই ভরাট করা অংশ পুনরায় গর্তে পরিণত হচ্ছে। সেই কারণে, সামগ্রিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে বর্ষা বিদায় নিলেই সমস্ত রাস্তা নতুনভাবে তৈরির পরিকল্পনা গ্রহণ করছে হাওড়া পুরসভা।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এই কাজের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ‘রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। হাওড়ার রাস্তা মেরামতির জন্য রাজ্য সরকার প্রায় ৯০ শতাংশ টাকা বরাদ্দ করেছে। প্যাচওয়ার্কের কাজ শুরু হয়েছে। কিন্তু, বৃষ্টি না থামলে রাস্তা মেরামতি করা যাচ্ছে না। বরাদ্দ করা অর্থে পুজোর আগেই শহরের সমস্ত রাস্তা সারানো হবে।‘
প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরেই হাওড়ার একাধিক রাস্তা অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। বর্তমানে বালির কাছে জি টি রোড, নস্করপাড়া রোড, নেতাজী সুভাষ রোড, শৈলেন মান্না সরণি, লিলুয়ার রবীন্দ্র সরণী সহ প্রায় ২০ টি রাস্তার ভয়ানক অবস্থা। চলতি বছরে বর্ষাতে এই রাস্তাগুলির দশা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টি কারণে শহরজুড়ে বিভিন্ন রাস্তায় বেড়েছে খানাখন্দ। বৃষ্টির জেরে আরও চওড়া হচ্ছে ফাটল। জমা জল সরলেই প্রকাশ্যে উঠে আসছে রাস্তার কঙ্কালসার চেহারা। এই সমস্ত রাস্তায় যাতায়াত করা পথচারীদের জন্য রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভালো রাস্তা হাওড়ায় খুঁজে পাওয়া কার্যত খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
যদিও, গত বছরেই পুজোর আগে বেশ কিছু রাস্তায় সংস্কারের কাজ করা হয়েছিল। যদিও, সারাইয়ের কাজ হয়েছিল কোথাও বিটুমিন ও কোথাও কংক্রিটের আস্তরণ দিয়ে। কিন্তু, বছর ঘুরতেই সেই সমস্ত রাস্তারও বেহাল দশা। কোথাও কোথাও রাস্তার মাঝে এতো বড় গর্ত তৈরি হয়েছে যেখানে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে নেতাজি সুভাষ রোড ও নরসিংহ দত্ত রোড এই ধরনের গভীর গর্তের কারণে রীতিমতো বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার বেহাল দশার কারণে বাড়ছে ট্রাফিকের সমস্যাও। জানজটের চাপ সামলাতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে ট্রাফিক পুলিশ কে।
সূত্রের খবর, হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে এবার প্রতিটি রাস্তা তিনটি আস্তরণ দিয়ে মেরামত করা হতে চলেছে। এই পদ্ধতির মাধ্যমে বাড়ানো হবে রাস্তার আয়ু। প্রায় ১৫০ টি রাস্তা সংস্কারের জন্য ১৮ কোটি টাকার বিস্তারিত প্রকল্পের রিপোর্ট পাঠানো হয়েছিল। সরকারের তরফে সেটি অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত অর্থ বরাদ্দ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। যে সমস্ত রাস্তায় সংস্কারের কাজ হতে চলেছে তার মধ্যে কিছু কংক্রিট ও বিটুমিনের রাস্তাও রয়েছে।
এই প্রসঙ্গে উমেশ রাই উল্লেখ করেছেন, ‘আমরা সবে আড়াই মাস সরকারে এসেছি। একটু সময় দিতে হবে। আশা করি পুজোর পরে হাওড়া শহরের সব রাস্তাই ভালো হয়ে উঠবে।‘
