তথাগত ঘোষ, হাওড়া: হাওড়া স্টেশনের মধ্যে থাকা মেট্রোরেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। হাওড়া মেট্রো স্টেশন থেকে উদ্ধার প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ৬ কেজি ওজনের রুপোর বাট। সূত্রের খবর, সোমবার হাওড়া মেট্রো তে ব্যাগ স্ক্যান করার সময় এই রূপোর বাঁটের অস্তিত্ব ধরা পড়ে। এই রুপোর বাঁটের বৈধ কাগজপত্র না থাকার কারণে অতনু পাত্র নামক এক ব্যক্তিকে আটক করে আরপিএফ।
রেল পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের হাতোরের বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসবাদ করার পর ব্যাগ থেকে এই রুপোর বারগুলি উদ্ধার করে আরপিএফ। বৈধ কাগজপত্র না থাকার কারণে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে উদ্ধার হওয়া রুপোর বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ্য টাকা। সোমবার ধৃত ব্যক্তিকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালতের তরফে ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও মূল্যবান ধাতু পাচারকারী র্যাকেটের যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখছে পুলিশ।
