শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের যানজট ও পরিকাঠামোগত সমস্যা খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার গুরুত্বপূর্ণ কদমতলা বাজার পরিদর্শন করলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা-সহ পুরসভার আধিকারিকরা। বাজারের রাস্তা, ড্রেনেজ, আলো এবং পার্কিং ব্যবস্থা নিয়ে সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা। পরিদর্শন শেষে রুদ্রনীল ঘোষ বলেন, গত ১৫-২০ বছরে জনসংখ্যা ও যানবাহন বাড়লেও রাস্তার পরিকাঠামো সেই অনুযায়ী বাড়েনি। ফলে তৈরি হয়েছে তীব্র যানজট।
তবে, এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নবনির্বাচিত রাজ্য সরকার। বাজারকে নতুন করে সাজিয়ে যানজটমুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশে তাঁর বার্তা, “কোনও দোকানদার বা ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না। আমাদের উদ্দেশ্য উচ্ছেদ নয়, পুনর্বাসন।” আশপাশে সরকারি জমি চিহ্নিত করে ব্যবসায়ীদের পুনর্বাসনের পাশাপাশি স্কুটি, সাইকেল ও গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করার কথা জানান তিনি। বর্তমানে সার্ভের কাজ চলছে। বর্ষা কাটার পর পুজোর আগে ও পরে কাজের অগ্রগতি দেখা যাবে বলেও জানান বিধায়ক।
