শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: "ভয় আউট, ভার্সাইন!" রাজ্যে পালাবদলের পর এলাকায় দাদাগিরি বা তোলাবাজির জমানা যে শেষ হতে চলেছে, আজ তারই বড় প্রমাণ মিলল হাওড়ার ক্ষীরেরতলায়। বাসে উঠে দাদাগিরি দেখাতে গিয়ে এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিল সচেতন যাত্রীরা! আজ হাওড়া ক্ষীরেরতলা এলাকা যাত্রীবোঝাই ৭২ নম্বর রুটের একটি বাসে উঠে আচমকাই তাণ্ডব শুরু করে তিন দুষ্কৃতীর একটি দল। চালককে মারধর করার পাশাপাশি বাসের কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। এতেই ক্ষান্ত না হয়ে কন্ডাক্টরের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করতেই ক্ষেপে ওঠেন বাসের সাধারণ যাত্রীরা। অন্যায়ের প্রতিবাদে যাত্রীরা জোটবদ্ধ হয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলেন। দু'জন চম্পট দিলেও হাতেনাতে ধরা পড়ে যায় দলের এক যুবক। এরপরই সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণধোলাই শুরু হয় ওই দুষ্কৃতীর।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মারমুখী জনতার হাত থেকে দুষ্কৃতীকে উদ্ধার করে ধরে নিয়ে যাওয়া হয় ব্যাটরা থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। আজকের ঘটনা স্পষ্ট করে দিল সাধারণ মানুষ আর ভয় পেয়ে চুপ করে থাকবে না। অন্যায় আর দাদাগিরির বিরুদ্ধে জনতাই এখন সেরা প্রতিরোধ!
