তথাগত ঘোষ, হাওড়া: বৃহস্পতিবার হাওড়া পুরসভায় প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব! ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS) -এর প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন কে কেন্দ্র করে দুই পক্ষের বচসা। প্রকাশ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিজেপি ও সঙ্ঘের অনুগামী শ্রমীক সংগঠনের মধ্যে। হাতাহাতির কারণে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন এমনকি মহিলারা পর্যন্ত আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। মারামারির কারণে দু’জনের মুখ ফেটে রক্ত বেরিয়ে যায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় কর্পোরেশন চত্বরে। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ।
সূত্রের খবর, ২৩ জুলাই সঙ্ঘ-ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে যান তাঁদের সদস্য ও নেতৃত্ব। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে সেখানে উপস্থিত বিজেপির লোকজনের সঙ্গে তাদের বচসা ও হাতাহাতি শুরু হয়। ভারতীয় মজদূর সঙ্ঘের জেলা সভাপতির গায়ে হাত তোলা হয়, তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বিজেপি সমর্থকেরা। মহিলারাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গোলমারের জেরে হাওড়া পুরসভা চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ভারতীয় মজদূর সঙ্ঘের পক্ষ থেকে হাওড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি।
