তথাগত ঘোষ, হাওড়া: অবিনাশ ব্যানার্জি লেনে কয়েকদিন আগেই ঘটেছিল দুঃসাহসিক চুরির ঘটনা। এবার সেই ঘটনায় প্রকাশ্যে উঠে এসেছে পরকীয়া তত্ত্ব। শুক্রবার রাতে এই চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় চ্যাটার্জিহাট থানায়। অভিযোগ দায়ের করেন গৃহকর্তা অরুণ বৈরাগী। তদন্তে নেমে চ্যাটার্জিহাট থানার পুলিশ জানতে পারে, অরুণ বাবুর স্ত্রীর সঙ্গে এক যুবকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। যুবক উলুবেড়িয়ার বাসিন্দা, নাম প্রকাশ পাল। তাঁর উপর প্রকাশের পরিবারের তরফে মানসিক চাপ সৃষ্টি করে তাঁর থেকে সমস্ত সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি সংবাদমাধ্যমের সামনেই সমস্ত অভিযোগ স্বীকার করেছেন।
এই প্রসঙ্গে একটি সংবাদ সংস্থাকে অরুণ বাবুর স্ত্রী জানিয়েছেন, চার বছর থেকে উলুবেড়িয়ায় বসবাসকারী যুবকের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ছেলেটির দিদি তাঁর ভাইয়ের প্রাণের হুমকি দিয়ে গৃহবধূর থেকে তাঁর সমস্ত সোনার গয়না হাতিয়ে নিয়েছে। শুক্রবার তিনি নিজেই নিজের সোনার গয়না ওই ছেলের হাতে তুলে দিয়েছিলেন। সাজিয়েছিলেন চুরির মিথ্যা গল্প। এই প্রসঙ্গে অরুণ বৈরাগী জানিয়েছেন, তাঁর এই প্রসঙ্গে কিছুই জানা ছিল না। ঘটনায় ভেঙে পড়েছে পরিবার।
