শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের পুলগোস্তিয়া এলাকায় আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে মারামারির পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে এলাকায় শান্তি বজায় রাখতে র্যাফ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলগোস্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘাতের অভিযোগ রয়েছে। অতীতেও এই এলাকায় বোমাবাজি-সহ একাধিক অশান্তির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিনের সংঘর্ষের পর এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং সংঘর্ষে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
