তথাগত ঘোষ, হাওড়া: বেলুড়ের অম্বিকা জুট মিলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। সূত্রের খবর, বুধবার বেলুড়ের অম্বিকা জুটমিলের ১৬ নম্বর গোডাউনে বিধ্বংসী আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি বেগতিক দেখে দমকলে খবর দেওয়া হয়। দমকল পৌঁছানোর আগে আরও বেশ কিছুটা ছড়িয়ে পড়ে আগুন। পরে দমকলের তিনটি ইঞ্জিন ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
দমকল সূত্রে খবর, কাটিং মেশিন থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সেখান থেকেই আগুন দ্রুত গোডাউনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তবে, এবিষয়ে তদন্ত চলছে। এখনই এই প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানানো সম্ভব নয়। তবে, বুধবার সকালে হওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে দমকল ও পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।
