শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাওড়ার লিলুয়া এলাকায় দিনের আলোয় চোলাই মদ পাচারের চেষ্টা। আটকে দিল লিলুয়া থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার লিলুয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ঝিল রোড এলাকা থেকে মোট ১২টি প্যাকেটে প্রায় ১২০ লিটার চোলাই মদ নিয়ে লিলুয়ার ভাগাড় এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন তিন মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা অভিযান চালিয়ে ওই তিন মহিলাকে হাতেনাতে আটক করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় মোট ১২০ লিটার চোলাই মদ। পরে বাজেয়াপ্ত করা হয় সমস্ত মদ এবং আটক তিন মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসার সঙ্গে একটি বড় চক্র জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িয়ে রয়েছেন সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে, কোথা থেকে এই মহিলাদের কাছে চোলাই মদ এল সরবরাহের জন্য, সেই বিষয়টিকে নিয়ে প্রশ্ন উঠেছে। পিছনে কোনও বড় চক্র থাকলে সেই চক্রেরও শীঘ্রই পর্দাফাঁস হবে বলে আশা করা হচ্ছে।

