শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রায় সারা রাজ্য জুড়েই ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। রাস্তা পরিষ্কার ও নিরাপদ রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সকলে ধন্যবাদও দিচ্ছেন। সেই অগ্নি মিত্রা সোমবার সড়ক পথ ধরে আসানসোল থেকে আসছিলেন কলকাতায়। তখনই ঘটে ঘটনাটা। সেসময় মন্ত্রী লক্ষ্য করেন রাস্তার মাঝ বরাবর বেশ কিছু হাঁস ঘোরাঘুরি করছে। দ্রুত থমকায় কনভয়ের চাকা। গাড়ি থেকে নেমে মন্ত্রী দ্রুত ছুটে যায় হাঁসগুলির দিকে। “আয় আয়” করে তাঁদের ডাকেন অগ্নিমিত্রা। বেশ কিছুটা এগিয়েও যান তিনি। হাঁসগুলি কার? এভাবে বিপজ্জনকভাবে কেন সেগুলি রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে? সেই খোঁজখবর করেন মন্ত্রী।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজবাঁধ এলাকায় জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, মন্ত্রী এদিন আসানসোল থেকে কলকাতায় যাচ্ছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে ওই হাঁসের দল ঘোরাঘুরি করছিল। সেই দৃশ্য দেখে কনভয় থামাতে বলেন মন্ত্রী। গাড়ি থেকে নেমে সেই প্রাণীগুলির দিকে এগিয়ে যান তিনি। ডাক দিয়ে রাস্তার পাশে সরানোর চেষ্টা করেছিলেন।
ঘটনা দেখে আশপাশের বেশ কয়কজন তখন সেখানে দাঁড়িয়ে পড়েছেন। মন্ত্রী প্রাণীগুলিকে ডেকে প্রায় ২০০ মিটার দূরে নিরাপদ জায়গায় পৌঁছেও দেন। জানা যায়, স্থানীয় এক পেট্রল পাম্পের মালিক প্রকাশ দাস ওই হাঁসগুলি পোষেন। কিছু সময়ের মধ্যে তিনিও হাজির হন। কেন এভাবে হাঁসগুলিকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্ন তাঁকে করেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, “দুর্ঘটনা ঘটতে পারে। ওরাও মারা যেতে পারে। মানুষও আহত পারে।” প্রাণীগুলিকে পৃথক একটি জায়গায় রাখার পরামর্শ দেন মন্ত্রী। যেখানে হাঁসদের রাখা হয়, ওই জায়গাতেও গিয়েছিলেন তিনি। প্রকাশ দাসকে বলেন, “পেট্রল পাম্পের পিছনে আপনার অনেক জায়গা আছে। সেখানে বড় করে ওদের রাখার ব্যবস্থা করুন। জলটা ভীষণ নোংরা, পরিষ্কার করুন।”
