শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অতি-গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা অতি-গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় “আকভান” [উচ্চারণ: আকভান]-এ পরিণত হয়েছে। আগামী দু’দিনে শক্তি বাড়িয়ে ‘আকভান’ প্রথমে তীব্র ঘূর্ণিঝড় এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুক্রবার দুপুরে অন্ধ্র উপকূলে তা আছড়ে পড়তে পারে(Landfall)। মৌসম ভবন ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে আপাতত নজর রেখেছে।
চেন্নাই (তামিলনাড়ু) থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, ত্রিঙ্কোমালি (শ্রীলঙ্কা) থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান। মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং গোপালপুর (ওড়িশা) থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৭ নভেম্বর আজ, মঙ্গলবার সন্ধ্যার দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে গিয়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ রূপে স্থলভাগে তা প্রবেশ করতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, ঝোড়ো দমকা হাওয়ায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। নেল্লোর ও তুনির মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আজ, মঙ্গলবার সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়তে পারে। বুধবার সকাল পর্যন্ত এইরকম আবহাওয়া। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলায় এক বা দুই জায়গায় বজ্রঝড়, বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হওয়ার সম্ভাবনা।
