শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ যেন সরছেই না। একের পর এক নিম্নচাপ দেখা যাচ্ছে বে অফ বেঙ্গলের উপর। তবে এবার কিছুটা স্বস্তি। পশ্চিমবঙ্গ উপকূলে নয়, বরং তার থেকে বেশ অনেকটা দূরেই ঘনিয়েছে এই নিম্নচাপ।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলীয় মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের ২৪ ঘণ্টায় এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যেতে পারে। একইসঙ্গে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া: এদিন দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ সাধারণত মেঘলা হয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কোনও প্রভাব নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
