সুরাপ্রেমীদের জন্য একটা দুসংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধাক্কা খেয়েছে ভারতের বিয়ারের বাজারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব শীঘ্রই দেশে বিয়ারের দাম উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছে, যার প্রভাব পড়ছে বিয়ার শিল্পে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশ এবং জ্বালানির একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে কাতার থেকে। কিন্তু ইরানের সামরিক পদক্ষেপের জেরে কাতারের গ্যাস রফতানিতে আংশিক ব্যাঘাত ঘটেছে। এর ফলে দেশে গ্যাসের জোগান কমে গিয়েছে, যা সরাসরি প্রভাব ফেলেছে কাচের বোতল উৎপাদন শিল্পে। কাচ তৈরির জন্য গ্যাস অপরিহার্য হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছে এবং অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
অন্যদিকে, অ্যালুমিনিয়াম আমদানিতে বিলম্ব হওয়ায় ক্যান উৎপাদনেও সমস্যা তৈরি হয়েছে। গ্রীষ্মকাল বিয়ারের চাহিদার শীর্ষ সময় হলেও এই পরিস্থিতিতে সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। ব্রেওয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে, কাগজের কার্টনের দাম দ্বিগুণ হয়েছে, এবং লেবেল ও অন্যান্য প্যাকেজিং সামগ্রীর খরচও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বাজারে থাকা বড় সংস্থাগুলি যেমন Heineken, Anheuser-Busch InBev এবং Carlsberg ইতিমধ্যেই চাপে পড়েছে। সংস্থার ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি জানিয়েছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

