শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রায় তিন বছর তিনি জেলের অন্ধকারে। সেই জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হয়েই এবার গলা ফাটালেন বিলাওয়াল ভুট্টো জারদারি। শাহবাজ সরকারের জোটসঙ্গী তাঁর দল পিপিপি। এই অবস্থায় বেনজির ভুট্টোর ছেলের এই ক্ষোভ ঘিরে পাকিস্তানে ঘনাচ্ছে বিদ্রোহের আগুন! প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের মতোই পরিস্থিতি হতে চলেছে পাকিস্তানে?এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইমরানকে ‘রাজনৈতিক বন্দি’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আহ্বান জানিয়েছেন বিলাওয়াল। তিনি বলেন, ইমরান খানকে পছন্দ করা হোক বা না হোক, তাঁকে ছাড়া পাকিস্তানের রাজনীতি এগোতে পারে না। তাঁর এই মন্তব্য পাকিস্তানে আবারও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’-এ যোগ দিয়েছিলেন বিলাওয়াল।
আর সেখানেই তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের রাজনৈতিক বন্দিদের শেষপর্যন্ত জেল থেকে মুক্তি দিতেই হবে। তাঁর প্রশ্ন, ”সব প্রধানমন্ত্রীকেই জেলে যেতে হয়। সবাই কি চোর নাকি? রাজনৈতিক বদলা নেওয়া আর কতদিন চলবে?” তিনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকে যিনিও মসনদে বসেছেন, তাঁকেই যেতে হয়েছে জেলে। সেই সঙ্গেই তিনি ইমরান খানের দল পিটিআই-এর আস্থা অর্জন এবং দলটিকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিলাওয়াল স্বীকার করেন, পিটিআইও ভুল করেছে। কিন্তু দেশে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা অপরিহার্য।এদিকে ইমরানের আশঙ্কা, গারদের ওপারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। মুক্ত আকাশের সূর্য আর দেখা হবে না। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের একটি চিঠি লিখেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই তাঁর আক্ষেপ, জেলে তিনি যে অবস্থায় রয়েছেন সেখান থেকে হয়তো আর বেঁচে ফেরা হবে না। তাঁর এমন আক্ষেপ সত্ত্বেও তিনি যে পাক রাজনীতিতে এখনও সমান প্রাসঙ্গিক, সেটাই বুঝিয়ে দিল বিলাওয়ালের সাম্প্রতিক মন্তব্য। ওয়াকিবহাল মহলের মতে, যদি এই ক্ষোভের মাত্রা বাড়তে থাকে তাহলে অচিরেই বাংলাদেশের মতো অস্থিরতা দেখা দিতে পারে পাকিস্তানেও।
