শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত বছরেই শহর কলকাতায় পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির। সম্পূর্ণ দেশে একাধিক শহরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আর্জেন্টিনার সুপারস্টার। যদিও, কলকাতায় মেসির অনুষ্ঠান একেবারেই ফুটবল সমর্থকদের জন্য আশানুরূপ হয়নি। এবার মেসির পর শহর কলকাতায় আসছে ব্রাজিলের সম্পূর্ণ দল। স্বপ্ন নয়, সত্যিই বটে! একটি সংবাদ সংস্থা সূত্রে খবর কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলতে আসছে ব্রাজিলের ফুটবল দল। পেলের দেশের ফুটবল টিমের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল টিম। ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর, যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও ম্যাচের সময় সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানানো হয়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকেই, যেখানে একসঙ্গে প্রায় ৭০ হাজার মানুষ খেলা দেখতে পারবেন।
প্রসঙ্গত, ১৫ বছর আগে আর্জেন্টিনার হয়ে লিয়োনেল মেসি এই যুবভারতীতেই খেলে গিয়েছিলেন। তবে প্রতিপক্ষ ভারত নয়, ছিল ভেনেজ়ুয়েলা। এত বড় প্রতিপক্ষের সঙ্গে ভারতও অতীতে ম্যাচ খেলেনি। ১৯৯২ সালে ফিফার র্যাঙ্কিং চালু হওয়ার পর এত উঁচু র্যাঙ্কে থাকা দেশের বিরুদ্ধে খেলেনি ভারত। ফলে ফুটবলারদের কাছে স্মরণীয় মুহূর্ত হতে চলেছে এই ম্যাচ। যদিও, প্রতিযোগিতার দিক থেকে ভারত কতটা টেক্কা দিতে পারবে সেই নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে।
ব্রাজ়িল ফুটবল সংস্থা জানিয়েছে, তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে। তার পর আসবে ভারতে। এ দেশে প্রথম বার খেলতে চলেছে ব্রাজ়িল। তাদের ফুটবল সংস্থা লিখেছে, “ভারতে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। কারণ ব্রাজ়িলের বাইরে সবচেয়ে বেশি যে দেশে ব্রাজ়িলের সমর্থক রয়েছেন, তা হল ভারত। প্রজন্মের পর প্রজন্ম তাঁরা ব্রাজ়িলকে সমর্থন করছেন। ব্রাজ়িলের ফুটবলকে আবেগ এবং ভালবাসার মাধ্যমে অনুসরণ করেছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি আমরা।”
শহর কলকাতা ও এটির পার্শব্বর্তী অঞ্চলে ব্রাজিল সমর্থকদের সংখ্যা প্রচুর। প্রজন্মের পর প্রজন্ম ধরে একাধিক ফুটবল ভক্তেরা ব্রাজিলের ফুটবল দল কে অন্ধের মতো সমর্থন করেছেন। ফলে, তাদের জন্য এটি অত্যন্ত সুখের খবর। যদিও, প্রদর্শনী ম্যাচ হওয়ার কারণে আদৌ ব্রাজিলের সমস্ত প্রথম সারির খেলোয়াড়েরা ভারতে আসবেন কি না, সেই বিষয়টিকে ঘিরে সন্দেহ রয়েছে। কারণ এই ধরনের ম্যাচের জন্য সাধারণভাবে ইউরোপের বড় বড় ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের ছাড়তে চান না।
