শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তৃণমূল জেতার পরে কিছুদিন সময় নিয়েছিল। তারপর শুরু হয়েছিল তাদের তোলাবাজি ও গোষ্ঠী কোন্দল । কিন্তু বিজেপি জেতার পরেই আর কোনো সময় না দিয়ে শুরু হয়ে যায় সেই কাজ। আর তার জন্যই পানিহাটিতে মৃত্যু হলো একজনের। পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিস্ফোরক পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ(Ratna Debnath)। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি। মৃত কর্মীর সন্তানদের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, “বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো! তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হত না অরূপ।” গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। অভিযোগ, সেই প্রতিবাদ করার পরই দলেরই কয়েকজন কর্মী বিজেপি নেত্রী রুমা সাহাকে প্রকাশ্যে গালিগালাজ করেন। স্ত্রীর প্রতি এই অপমানের প্রতিবাদ করতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা।
অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন অরূপ। দ্রুত তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।এই মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছন রত্না। তাঁদের হস্তক্ষেপে এবং উপস্থিতিতে রহড়া থানায় এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন বিধায়ক। রত্না বলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।”
