শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই তাদের আক্রমনের মূল টার্গেট হয়ে উঠেছে বামপন্থীরা - তৃণমূল নয়। তাই সুযোগ পেলেই বামপন্থী বিশেষকরে সিপিএমকে আক্রমন করে বিজেপি নেতৃত্ব(Sukanta Majumder)। ভগবান বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মবার্ষিকী উপলক্ষে মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখান থেকেই ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সরাসরি বাম শিবিরকে নিশানা করেন তিনি। রবিবারের অনুষ্ঠান থেকে সুকান্ত মজুমদার দাবি করেন, বামপন্থীরা বরাবরই অর্ধসত্য কথা বলে। বলেন, “ভগবান বিরসা মুণ্ডার ন্যারেটিভকে কীভাবে পরিবর্তন করতে হয়, কীভাবে নিজেদের পক্ষে আনতে হয়, এক্ষেত্রে আমাদের বামপন্থী বন্ধুরা পারদর্শী। কারণ তাঁরা অর্ধসত্য বলেন। মনে রাখবেন অর্ধসত্য, মিথ্যার থেকে অনেক বেশি ক্ষতিকর।” বিরসা মুন্ডার আসল বক্তব্যই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর কটাক্ষ, ‘ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে বামপন্থীদের মতো দক্ষ আর কেউ নেই’।
বামপন্থীদের লেখা বিভিন্ন বইয়ের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত। তাঁর অভিযোগ, রাজনৈতিক একচোখা দৃষ্টিভঙ্গি থেকেই এই ধরনের বই লেখা হয়েছে। পাঠকদের সতর্ক করে তিনি বলেন, “বামপন্থীদের লেখা বই পড়ে কোনও কাজের কাজ হবে না। বরং সেই বই পড়া মানে নিজেদেরই ‘কবর খোঁড়া’-র শামিল।
বিরসা মুন্ডার মতো আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত ইতিহাস আড়াল করে বামপন্থীরা পাঠ্যবই ও সাহিত্যে একপেশে তথ্য তুলে ধরেছে বলে এদিন সরব হন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য দফতর থেকে করা সুকান্ত মজুমদারের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
.jpeg)
