শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) প্রথম থেকেই রাস্তায় নেমে কাজ করা পছন্দ করেন। সেভাবেই তিনি বুধবার গিয়েছিলেন স্লটলেক সেক্টর ৫ এ। বুধবার নব দিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অফিসে প্রথমবার এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে এসে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক সেরে তিনি বলেন, “আজ এনকেডিএ ও এনডিআইটি নিয়ে রিভিউ মিটিং করলাম। সেক্টর ফাইভ নিয়ে পরিকল্পনা রয়েছে। আগামী বছর যাতে সেক্টর ফাইভ জল না জমে এখনই থেকে এজেন্সি মারফত কাজ শুরু করছে দফতর। এখন থেকেই গালি পিট পরিষ্কার করা হবে। এক একজন যারা দায়িত্বে আছেন, তাদের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। রাস্তায় স্ট্রিট লাইট একটাও যাতে সমস্যা না হয় তার জন্য এজেন্সিকে দায়িত্ব দিলেও সেটা নজরদারির দায়িত্ব একজনকে দেওয়া হবে।”তিনি বলেন, “রাস্তা এবং পেভমেন্ট সুন্দর হতে হবে। অনেক জায়গায় দেখি, উচু নীচু পেভমেন্ট। হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাত-পা ভাঙল। সেটা যেন না হয়। তার সঙ্গে ভেন্ডর ম্যানেজমেন্ট কমিটির সার্ভে-ও হয়েছে। একটা নির্দিষ্ট রাস্তা ধরে কিয়স্ক হবে। টোটোকেও পরিবর্তিত করা হবে।”
তিনি বলেন, “এনকেডিএ আরও বড় জায়গা। ফ্লাইওভারের নীচে জায়গাগুলিকে আমরা ডেভেলপ করব। লাইব্রেরি করব, যাতে অফিস ফেরত মানুষ বই পড়তে পারেন। বইয়ের হ্য়াবিট তো বাঙালির অনেকদিন ধরেই আছে। কিন্তু এখন অনেকেই টিভি, মোবাইলের জন্য বই পড়া হয় না। যাদের বই পড়ার ইচ্ছা, অথচ সুযোগ নেই, নিম্নবিত্তরা যারা ব্যাঙ্কের, রেলের পরীক্ষা দিচ্ছেন, দামি দামি বই কেনার ক্ষমতা নেই, পড়ার জায়গা নেই, তাদের জন্য একটা জায়গা করা হবে। বস্তির যে কাজের মাসি, ভ্যান চালকরা সকালে কাজে যান, তাদের জন্য সকালে ক্রেশের ব্যবস্থা করা হবে। দুপুরেই সেটা আবার লাইব্রেরি হয়ে যাবে।” খেলার জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, “টেবিল টেনিস কোর্ট হবে। পিকেল বল বলে একটা খেলা এখন খুব জনপ্রিয় হয়েছে। সেই খেলার জায়গা হবে। পাশে একটা ক্য়াফে তৈরি হবে। বেশি কিছু না, হয়তো সেখানে চা-স্ট্যান্ডউইচ পাওয়া যাবে। অনেক ভাবনা করছি। সবই মেম্বারশিপ দিয়ে হবে।”

