শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি ও পাকা ধানের ক্ষতির আশঙ্কায় উপকূলের চাষিদের উদ্বেগ।শীতের শুরুতেই উপকূলের আকাশের মুখভার(West bengal)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে উপকূলের আকাশ। এই সময়ে সাধরণত শীতকালীন সবজি চাষের প্রস্ততি চলে এই এলাকায়। তার জন্য মাটি প্রস্তুত করা হয়।
এই মাটি বৃষ্টি হলে আবার জমে যায়। ফলে চাষিরা মাটি ঢেকে রেখেছেন। এখন বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। বৃষ্টির জেরে শীতকালীন সবজি চাষের শুরতেই সমস্যা হতে পারে বলে চিন্তায় রয়েছেন সবজি চাষিরা।প্রশাসনের পক্ষ থেকে সাম্ভাব্য দুর্যোগ নিয়ে উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদেরও সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত ট্রলার মালিক ও মাঝিদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে থাকা ট্রলারগুলিকে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো একে একে ট্রলারগুলি ফিরতে শুরু করেছে।
অন্যদিকে, উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। সাগর, নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে স্থলপথের পাশাপাশি জলপথেও মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলের বিভিন্ন এলাকায় আকাশের মুখ ভার। দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনের একাধিক এলাকায় দুর্বল নদী ও সমুদ্রবাঁধগুলির উপর বিশেষ নজরদারি চালাচ্ছে সেচদফতর। পরিস্থিতি মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক প্রশাসনের তরফেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যেও। বর্তমানে জমিতে ধান কাটার কাজ শুরু হয়েছে। অনেক জমিতেই ধান প্রায় পরিপক্ক। এই অবস্থায় প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সবজি চাষিরাও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন।
